
তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন, শম্ভুপুর বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, চাচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও অভিভাবক রফিকউল্লাহ মাস্টারসহ অনেকে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় ঘটলেও শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
পরে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষকদেরও সংবর্ধনা প্রদান করা হয়।